ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

ঢাকায় আসছেন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সাবেক মহাসচিব বান কি মুন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশে সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় ব্যবসায়ী সম্মেলন। ‘ফিন্যান্সিং ফর ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট এক্সপ্লোরিং এ নিউ ফিন্যান্সিয়াল ল্যান্ডস্কেপ ফর এশিয়া প্যাসিফিক’।

১০ ডিসেম্বর, মঙ্গলবার তিন দিনের এ সম্মেলন শুরু হবে । সকাল ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর উদ্বোধন করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান, ফ্রান্স, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিন্স, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপসহ ৩০টি দেশের প্রায় একশ নীতিনির্ধারক, বেসরকারি ব্যবসা ও আর্থিক খাতের প্রতিনিধি, বিশ্ব ব্যাংক আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসারে এই সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা চেম্বারের সভাপতি উসামা তাসির, জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্যারিসভিত্তিক আন্তর্জাতিক বৃহৎ বাণিজ্য সংগঠন আইসিসি ২০১৯ সালে শতবর্ষ উদযাপন করছে। সংগঠনটি বিশ্বের ১০০টি দেশে পরিচালিত হচ্ছে এবং প্রায় সাড়ে চার কোটি কোম্পানি এবং ১০০ কোটি কর্মীর প্রতিনিধিত্ব করছে।

আইসিসি বাংলাদেশ, ইউএনএসকাপ, টিএফপি এবং লন্ডন ইন্সটিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: শনি, ডিসেম্বর ৭, ২০১৯ ১১:০৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!