সিটি নির্বাচনে বিএনপির তাবিথ ও ইশরাক
আসন্ন রাজধানীর দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য বিএনপি তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঢাকা দক্ষিণ সিটির প্রার্থী প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। আর উত্তর সিটিতে আগেরবারের প্রার্থী তাবিথ আউয়ালই বিএনপির প্রার্থী।
আজ শনিবার রাতে বিএনপি পার্লামেন্টারি বোর্ড মেয়র পদে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল চূড়ান্ত দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে আমাদের প্রার্থী ছিলেন একজনই—ইশরাক হোসেন। তিনি একেবারে নতুন। আমরা মনে করি, নতুনের মাঝেই তাঁর একটা প্রভাব থাকবে। যেহেতু তিনি শিক্ষিত ছেলে, তিনি গ্রহণযোগ্যতা নিয়ে এগিয়ে এসেছেন। তাকে অনেকেই পছন্দ করেন। তাঁর চিন্তাশক্তি, মেধা, বাচনভঙ্গির প্রশংসা করেন। তিনি আমাদের প্রার্থী।’
ইশরাক হোসেন ছাড়া দক্ষিণের জন্য বিএনপি থেকে আর কেউ মনোনয়নপত্র কেনেননি। আগে থেকেই জোর গুঞ্জন ছিল, ইশরাকই হবেন বিএনপির প্রার্থী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা ৬ আসনের জন্য মনোনয়নপত্রও কিনেছিলেন। তবে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দর কষাকষিতে তিনি সরে যান।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য বিএনপি আবারও তাবিথ আউয়ালকেই বেছে নিল। তিনি ২০১৫ সালের নির্বাচনে উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের কাছে হেরেছিলেন। যদিও সেবার নির্বাচনের দিনেই তিনি ভোট বর্জন করেছিলেন।
এবার উত্তর সিটিতে লড়তে বিএনপি থেকে তাবিথ ছাড়াও দলের বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন মনোনয়নপত্র কেনেন। মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা উত্তর সিটিতে দুজন প্রার্থী ছিলেন। আসাদুজ্জামান রিপন একজন পরীক্ষিত নেতা। বিএনপির শুরু থেকেই তিনি আছেন। তাবিথ আউয়ালের নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা অনেক। সিটি করপোরেশনের উন্নয়নের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে পারবেন।’ তাবিথকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেন ফখরুল।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। আর ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।
#এসএস/বিবি/২৮ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি