মেসি সুয়ারেসে বার্সার জয়

মেসি সুয়ারেসে বার্সার জয়

লা লিগার ম্যাচে রোববার রাতে ৪ ০ গোলে জিতেছে শিরোপাধারীরা। দুর্দান্ত গোলে লুইস সুয়ারেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান আর্তুরো ভিদাল। জালের দেখা পান উসমান দেম্বেলেও। জাদুকরী এক ফ্রি কিকে আসরে প্রথমবারের মতো ঠিকানা খুঁজে পান লিওনেল মেসি।

প্রথম বিদেশি গোলরক্ষক হিসেবে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় দুইশ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন মার্ক আন্ড্রে টের স্টেগেন। আর এই শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১৬ মৌসুমে গোল করলেন মেসি।

চোট আর কার্ড সমস্যায় খুব একটা ভারসাম্যপূর্ণ ছিল না বার্সেলোনার রক্ষণ। শুরুতে এই সুবিধা কাজে লাগিয়ে ২৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ফেলতে পারতেন লুক ডি ইয়ং।একাদশ মিনিটে লুকাস ওকাম্পোসের কাটব্যাক থেকে বল পেয়ে যান এই ডাচ ফরোয়ার্ড। তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেন। সপ্তদশ মিনিটে বিপজ্জনক জায়গায় বল পেয়ে বাইরে মেরে সুযোগ নষ্ট করেন ডি ইয়ং।

২৬তম মিনিটে আবার সুযোগ আসে এই ডাচ ফরোয়ার্ডের সামনে। ওকাম্পোসের ক্রসে তার হেড মাটিতে ড্রপ খেয়ে চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। বেঁচে যায় বার্সেলোনা।

পরের মিনিটে সুয়ারেসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। নেলসন সেমেদোর দারুণ ক্রসে বাঁ পায়ের বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন উরুগুয়ের স্ট্রাইকার। চলতি আসরে এটি তার চতুর্থ গোল। এই গোলের পর পাল্টে যায় খেলার চিত্র।
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়া ভিদাল। আর্থারের চমৎকার ক্রসে ছুটে গিয়ে দারুণ স্লাইডে ঠিকানা খুঁজে নেন অরক্ষিত এই মিডফিল্ডার।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ান দেম্বেলে। আর্থারের কাছ থেকে বল পেয়ে গতি আর পায়ের কারিকুরি দিয়ে ডিফেন্ডারদের বিভ্রান্ত করে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমাতে পারতো সেভিয়া। এখনও লিগে কোনো গোল না পাওয়া ডি ইয়ংয়ের কোনাকুনি শট ফিরে পোস্টে লেগে। সেভিয়ার আক্রমণের ঝাপটা সামলে ৫৯তম মিনিটে ব্যবধান আরও প্রায় বাড়িয়ে ফেলছিল বার্সেলোনা। মেসির কোনাকুনি শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান অতিথি গোলরক্ষক।

চোট সমস্যায় মৌসুমের শুরুতে খুব বেশি খেলা হয়নি মেসির। তারপরও চলতি আসরে তার গোল না পাওয়াটা একটু অস্বাভাবিকই ছিল। ৭৮তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে খরা কাটালেন আর্জেন্টাইন তারকা। প্রথমবারের মতো বল পাঠালেন জালে।
#এসএস/বিবি/০৭ ১০২০১৯


খেলা ডেস্ক,বিবি
Published at: সোম, অক্টোবর ৭, ২০১৯ ৩:৫২ অপরাহ্ন
Category: খেলা
Share with others:

Recent Posts

Recently published articles!