হয়নি খালেদার জামিন শুনানি
মেডিকেল রিপোর্ট না আসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তার জামিন প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত এক সপ্তাহ পিছিয়ে গেছে।
আগামী ১১ ডিসেম্বরের মধ্যে ওই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে ১২ ডিসেম্বর বিষয়টি পরবর্তী আদেশের জন্য রেখেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চে বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আরও আগে শুনানির সময় চেয়ে বিএনপিপন্থি আইনজীবীরা এ সময় আদালতকক্ষের ভেতরে হট্টগোল শুরু করেন। তাদের থামাতে না পেরে এক পর্যায়ে এজলাস থেকে নেমে যান বিচারকরা। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে দেড় বছরের বেশি সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলে তার মুক্তির পথ খুলবে।
গত ২৮ নভেম্বর তার জামিন বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও সেদিন তার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন চায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ওই মেডিকেল বোর্ডের প্রতিবেদন বৃহস্পতিবার আদালতে আসার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে আপিল বিভাগে শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি আমাকে ইনফর্ম করেছেন, খালেদা জিয়ার কিছু টেস্ট হয়েছে, কিছু টেস্ট বাকি আছে। এর জন্য সময়ের প্রয়োজন।”
প্রধান বিচারপতি এ সময় আগামী ১২ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ রেখে তার আগেই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন এ সময় পুরনো একটি মেডিকেল প্রতিবেদন আদালতে দিয়ে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ।
অ্যাটর্নি জেনারেল তখন বলেন, “এই রিপোর্ট মেডিকেল বোর্ডের না। এর অথরিটি কারা? এ সম্পর্কে যা বলার ওইদিন (১২ ডিসেম্বর) বলব। এ সময় শুনানির তারিখ এগিয়ে আনার দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতকক্ষের ভেতরেই হৈ চৈ শুরু করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানও দেন তারা।
চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যরিস্টার মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন ও নিতাই রায় চৌধুরী এ সময় জুনিয়র আইনজীবীদের হট্টগোলের মধ্যে আদালত কক্ষে আটকা পড়েন।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ছাড়াও বার সভাপতি এ এম আমিন উদ্দিন, আজমালুল হোসেন কিউসি, ফজলে নূর তাপস, কামরুল ইসলাম আটকা পড়েন আদালত কক্ষে।কয়েকবার চেষ্টার পরও বিএনপিপন্থি আইনজীবীরা শান্ত না হওয়ায় বিচারকরা এজলাস থেকে নেমে যান। ফলে আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।
#এসএস/বিবি/০৫ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
অর্থনীতি ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি